ছাত্রলীগের নেতাকে মারধর কক্ষ ভাঙচুর, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাগিংকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত সোমবার রাতভর শিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এর জের ধরে ছাত্রলীগের একজন নেতাকে মারধর ও তাঁর কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সভাপতি মেহেদি হাসান ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে র‌্যাগ (হেনস্তা) করছিলেন। এ সময় শিবিরের দুজন কর্মী বাধা দিলে মেহেদি তাঁদের মারধর করেন।রাত সাড়ে ১১টার দিকে শিবিরের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু হলে ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থীকে মেহেদির কক্ষে থাকার ব্যবস্থা করতে যান। এ নিয়ে মেহেদির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবিরের নেতা-কর্মীরা মেহেদিকে মারধর করেন। এ সময় মেহেদি দোতলার বারান্দা থেকে নিচে লাফ দিয়ে পালিয়ে যান। এরপর শিবিরের নেতা-কর্মীরা তাঁর কক্ষে ভাঙচুর চালান। আহত মেহেদি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। সেখান থেকে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।রাত সোয়া ১২টার দিকে ছাত্রলীগ ও শিবিরের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু হলের নিচে মুখোমুখি অবস্থান নেন। রাত একটার দিকে হলের প্রাধ্যক্ষ মিজানুর রহমান গিয়ে উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন। রাত দেড়টার দিকে প্রাধ্যক্ষ, প্রক্টর জাহাঙ্গীর হোসেন এবং ছাত্র উপদেষ্টা মাহবুবর রহমান হলে হলে উভয় পক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক করেন। রাত তিনটার দিকে সমঝোতা শেষে মেহেদির ওপর হামলার ঘটনায় প্রাধ্যক্ষ বাদী হয়ে বিশ্ববিদ্যালয় থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।মেহেদি বলেন, ‘শিবিরের নেতা-কর্মীরা ভর্তি-ইচ্ছুক কয়েকজনকে আমার কক্ষে রাখার কথা বললে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়।’ ছাত্রলীগের হল শাখার নেতা মিজানুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আমরা বিষয়টি সমঝোতা করে নিয়েছি।’বঙ্গবন্ধু হল শাখা শিবিরের সভাপতি সাজ্জাদ উল আলম বলেন, ‘মেহেদির কক্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা থাকার জন্য গেলে তাদের বাধা দেয় মেহেদি। এ সময় হলের সাধারণ শিক্ষার্থীরা তাকে মারধর করে। এ ঘটনায় শিবিরের সম্পৃক্ততা নেই।’প্রাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’