ছাত্রলীগের নেতাকে শিবিরের ছুরিকাঘাত
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতিকে ছুরিকাঘাত করে আঙুল কেটে নেওয়ার চেষ্টা করেছে ইসলামী ছাত্রশিবিরের একটি সশস্ত্র দল। গতকাল সোমবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ শিবিরের এক নেতাকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নগরের কানিশাইল এলাকায় অবস্থিত। এই ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কামরুজ্জামানের নেতৃত্বে একটি সশস্ত্র দল গতকাল সকাল থেকে তৎপর হয়। বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি হোসেন মো. সাগর সাধারণ ছাত্রদের নিয়ে শিবিরের তৎপরতা ঠেকান। এর জের ধরে বেলা একটার দিকে একাডেমিক ভবনের সামনে হোসেনের ওপর হামলা চালায় শিবির। এ সময় তাঁর ডান হাত ধরে আঙুলের ওপর ছুরি চালানো হয়।
মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাশ জানান, সাগরের ডান হাতের মধ্যমা আঙুল কেটে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সহকর্মী ও সাধারণ ছাত্ররা তখন অস্ত্রধারী শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন। সাগরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আতাউর জানান, সাগরের আঙুল কেটে নেওয়ার চেষ্টার অভিযোগে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র জামিল আহমদকে আটক করা হয়েছে।