ছাত্রলীগের নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তাঁরা ২৯ এপ্রিলের মধ্যে শিক্ষক জাহাঙ্গীর আলমের অপসারণ ও বিচারের দাবি জানান।
গতকাল শনিবার দুপুরে বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে ‘অসাম্প্রদায়িক ছাত্রসমাজ’-এর ব্যানারে এই মানববন্ধন হয়। আধঘণ্টার মতো চলা এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ছাত্রলীগের নেতা-কর্মীরাও এতে উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের ১০-১২ জনের একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে আবার তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়।
প্রতিনিধিদলের এক সদস্য প্রথম আলোকে বলেন, উপাচার্য খালেদা একরাম তাঁদের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে বুয়েট প্রশাসনের কাছে আপিল করার নিয়ম আছে বলে জানিয়েছেন।
বুয়েটের শৃঙ্খলা পর্ষদের (ডিসিপ্লিনারি বোর্ড) ২০ এপ্রিলের সভায় বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কার করা হয়। এ ছাড়া তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী প্রতীক দত্তকে এক বছরের জন্য, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রাতুল সাকলাইনকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়। সভায় যন্ত্রকৌশল বিভাগের আবু আনাসকে সতর্ক করে দেওয়া হয়।
এর আগে ১১ এপ্রিল রাতে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়াকে ‘অবিচার’ বলে ফেসবুকে মন্তব্য করেন বুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। পরদিন তাঁকে নিজ কক্ষে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ওই শিক্ষককে টেনেহিঁচড়ে ক্যাফেটেরিয়ার সামনে নিয়ে আসা হয়।