ছাত্রলীগের নেতাদের মুচলেকা
‘যা করেছি ভুল করেছি। ভুলের জন্য অনুতপ্ত। ক্ষমা চাই। কলেজের শৃঙ্খলা ভঙ্গ হয়, ভবিষ্যতে এমন কিছু করলে যেকোনো শাস্তি মাথা পেত নিব’—এমন লিখিত মুচলেকা দিয়ে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির দায় থেকে মুক্তি পেয়েছেন ছাত্রলীগের নেতারা। গত বুধবার শিক্ষক পরিষদের কাছে ক্ষমা চেয়ে তাঁরা ওই মুচলেকা দেন।
কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করাতে ব্যর্থ হয়ে ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হকের নেতৃত্বে কিছু নেতা গত সোমবার অস্ত্র দেখিয়ে অধ্যক্ষ খুরশেদ উদ্দিন ঠাকুরসহ শিক্ষকদের তাঁর কার্যালয়ে অন্তত ৪০ মিনিট অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা অধ্যক্ষকে প্রাণনাশেরও হুমকি দেন। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষ কিশোরগঞ্জ সদর থানায় জিডি করেন এবং ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেন।
শিক্ষকেরা জানান, অস্ত্রের মুখে জিম্মি করার পর শিক্ষকেরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ব্যাপারে করণীয় নির্ধারণ করতে গত বুধবার দুপুরে শিক্ষক পরিষদ জরুরি সভায় বসে। সভা চলাকালে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান অভিযুক্ত অপর নেতাদের নিয়ে হাজির হন। অভিযুক্তরা ঘটনার জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চান। পরে মুচলেকা আদায় করে শিক্ষক পরিষদ তাঁদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন।