ছাত্রলীগের নেতার ওপর হামলা ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক নেতার নেতৃত্বে গত সোমবার ছাত্রলীগের দুই নেতা-কর্মীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মৃত্যুঞ্জয় বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার মৃত্যুঞ্জয়কে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ছাত্রদলের নেতা মৃত্যুঞ্জয়কে সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্র্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার একাংশের নেতা আবু নছর মণ্ডল ও কর্মী নুরুজ্জামান রিকশায় করে সুরমা আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলেন। প্রধান ফটকের কাছে আসা মাত্রই ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মৃত্যুঞ্জয়সহ পাঁচজন এসে রামদা, লোহার রড ও পাইপ নিয়ে তাঁদের ওপর হামলা চালান।