ছাত্রলীগের নেতার ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার ক্যাম্পাসে ্বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ছাত্রলীগের নেতা মাহবুবের ভাষ্যমতে, গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানকালে তাঁর ওপর অতর্কিতে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা তবিবর রহমানসহ কয়েকজন। এ সময় তাঁকে মারধর করা হয়। চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের নেতা তবিবরের নেতৃত্বে এ হামলা করা হয় বলে মাহবুব হোসেনের অভিযোগ। হামলার ঘটনায় মাহবুব তিনজনকে আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এবং কুষ্টিয়ার আদালতে পৃথক দুটি মামলা করেছেন। মামলার আসামিরা হলেন: আওয়ামী লীগের নেতা তবিবর রহমান ওরফে তোতা, ফারুক হোসেন ও আনিস।তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতা তবিবর। তিনি দাবি করেন, ছাত্রলীগের নেতা মাহবুবের কাছে তাঁর টাকা পাওনা রয়েছে। ওই টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে তিনি মাহবুবকে শুধু একটা থাপ্পড় দেন।এদিকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মাহবুব পক্ষের ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আধা ঘণ্টা অবরোধ করে রাখা হয়। ফলে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও ঝিনাইদহের শৈলকূপা শহরগামী দুপুর ১২টার গাড়িগুলো আটকা পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী ও ছাত্র উপদেষ্টা লোকমান হাকিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা।যুবলীগের নেতার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্যা প্রথম আলোকে বলেন, ‘তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’