ছাত্রলীগের নেতার বহিষ্কারের দাবিতে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন জেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে মারধর করায় পৌর ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কারের দাবিতে ওই কর্মসূচি পালিত হয়।অবরোধকালে মহাসড়কের কুটি চৌমুহনী এলাকায় অসংখ্য বাস-ট্রাক আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কসবা উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল সকালে মেহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল মিয়াকে পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা কুটি চৌমুহনী বাস টার্মিনাল এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ ও পরে ওই মহাসড়ক অবরোধ করেন।প্রায় দুই ঘণ্টা পর উপজেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে পৌঁছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অভিযুক্ত ছাত্রলীগের নেতা আবদুল্লাহ বলেন, ‘ইউপি ছাত্রলীগের সভাপতির সঙ্গে আমার সামান্য কথা-কাটাকাটি হয়েছে। এ সময় তিনি উত্তেজিত হয়ে গেলে অপর এক কর্মী তাঁকে লাঞ্ছিত করেন। তবে ওই কর্মী তাৎক্ষণিকভাবে ক্ষমা চাইলে বিষয়টি সমাধান হয়ে যায়।’