ছাত্রলীগের নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ৩৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে স্থানীয় এমপি ও পল্লী বিদ্যুৎ অফিসের সিল-স্বাক্ষর জাল করারও অভিযোগ উঠেছে।এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ওই ছাত্রলীগের নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নবীনগর থানায় গত বুধবার মামলা করেছেন।জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা সদ্য বাতিল হওয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কামাল উদ্দিন (২৮) বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় এমপি ও পল্লী বিদ্যুৎ অফিসের সিল-স্বাক্ষর জাল করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।উপজেলার শিবপুর গ্রামের সোহাগ মিয়া অভিযোগ করেন, ‘পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সিল ও স্বাক্ষরযুক্ত রসিদের মাধ্যমে ছাত্রলীগের নেতা কামাল উদ্দিন আমাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে সম্প্রতি আমার কাছ থেকে ৩৪ হাজার টাকা নেন। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুশান্ত রায় গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কামালের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ অফিসের জাল রসিদ তৈরি করে ভুয়া সিল-স্বাক্ষর দিয়ে একজনের কাছ থেকে ৩৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাই আমি বাদী হয়ে বুধবার তাঁর (কামাল) বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেছি। এ ছাড়া এমপি স্যারের স্বাক্ষরও জাল করে বিভিন্নজনের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়াসহ তাঁর বিরুদ্ধে আরও নানা অভিযোগ পাওয়া যাচ্ছে।’ এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগের নেতা কামাল উদ্দিনের মুঠোফোনে বারবার যোগাযোগ করে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ বলেন, ‘বিষয়টির খোঁজ নিয়ে ওই ছাত্রলীগের নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’