ছাত্রলীগের নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মডেল টাউন এলাকার কাচালং বাজার সম্প্রসারণের কাজের ঠিকাদারের কাছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার মো. হোসেন কবির।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জমির উদ্দিন মুঠোফোনে ঠিকাদারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় বেলা দুইটার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী ঠিকাদার মো. হোসেনকে কাজ বন্ধ রাখতে বলেন৷ সূত্র জানায়, এরপর বাজার সম্প্রসারণের কাজ বন্ধ রাখা হয়৷ ঠিকাদার মো. হোসেন কবির বলেন, চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে৷
মো. জমির উদ্দিন বলেন, ‘আমি কোনো চাঁদা দাবি করিনি। আমাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।’ তিনি বলেন, ‘যেখানে বাজার সম্প্রসারণের কাজ চলছে তার পাশে আমার জমি আছে৷ পাহাড় কাটার ফলে সেই জমি হুমকির মুখে পড়েছে। সে জন্য প্রতিবাদ করা হয়েছে।’ বাঘাইছড়ি থানার ওসি মো. আজিজুল হক বলেন, জমির উদ্দিনসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চারজনের নামে অভিযোগ দেওয়া হয়েছে।