ছাত্রলীগের নেতার বিরুদ্ধে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। 

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে ওই ছাত্রী দাবি করেছেন।

অভিযুক্ত ছাত্রলীগের নেতা ওবায়দুল হক ওরফে কায়েস বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সহসভাপতি ও ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। ভুক্তভোগী ওই শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগে পড়েন।

অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ছাত্রী এবং ছাত্রলীগের নেতা কায়েস পূর্বপরিচিত ছিলেন। আজ বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কায়েস ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ওই ছাত্রী তাঁর বিভাগে গিয়ে বিভাগের সভাপতির কার্যালয়ে আশ্রয় নেন। এ বিষয়ে তিনি বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রী প্রথম আলোকে জানান, কায়েসের সঙ্গে একসময় তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্কে ফাটল ধরে। এর জের ধরেই কায়েস তাঁকে মারধর করেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা কায়েস বলেন, ওই ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। তিনি বলেন, ‘মারধর করার প্রশ্নই আসে না।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে বিভাগে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।