ছাত্রলীগের নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের ১৮ শতক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে ২২ এপ্রিল ধুনট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া মৌজার ৩৫৪৫ নং খতিয়ানের ৪৪৬৯ নং দাগে রুপলাল সরকারের ছয় ছেলে প্রতাব, মনীন্দ্র, সুকুমার, সুবল, ফনি ও বৈদ্ধ্য সরকারের ১৮ শতক জমি আছে। ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক তাঁদের ওই জমি দখল নিয়ে মাটি ভরাট করে সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এ কাজে বাধা দিতে গেলে তিনি তাঁদের প্রাণনাশের হুমকি দেন।এই ঘটনায় প্রতাব চন্দ্র সরকার বাদী হয়ে আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতাকে ওই জমিতে মাটি ভরাট করতে নিষেধ করে এবং তাঁর কাছে জমির কাগজপত্র দেখতে চায়। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগের নেতা সেখানে মাটি ভরাটের কাজ অব্যাহত রেখেছেন।প্রতাব সরকার অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা ভুয়া মালিক তৈরি করে তাঁর কাছ থেকে কেনার কথা বলে ওই জমি দখল করে নিয়েছেন। গত ১০ দিন তিনি মাটি ভরাট করে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। ছাত্রলীগের নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমি ওই জমির মধ্যে ১২ শতক অন্য মালিকদের কাছ থেকে কিনে সেখানে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। তাঁদের ভাগের ৪ শতক জমি রেখে দিয়েছি।’ কার কাছ থেকে জমি কিনেছেন, জানতে চাইলে তিনি তাঁদের নাম বলতে পারেননি। এ ছাড়া তিনি জমির কোনো কাগজপত্রও দেখাতে পারেননি।ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনজুরুল আলম বলেন, ‘আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্রয়সূত্রে মালিক দাবি করে আবদুর রাজ্জাক ওই জমিতে মাটি ভরাটের কাজ করছেন। কাজ বন্ধ রেখে দুই পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলেছি। কাগজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’