ছাত্রলীগের নেতার রামদার কোপে চিকিৎসকআহত
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রামদা দিয়ে কুপিয়ে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক মকুল হোসেনকে (৩০) আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সদরপাড়ায় যুবলীগের এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (চিকিৎসক) মকুল হোসেন রোববার দুপুরে উপজেলা যুবলীগের সহসভাপতি আলীম আলরাজীর সদরপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে বসে ছিলেন। পূর্ববিরোধের জের ধরে মাইদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন লোক সেখানে হামলা চালিয়ে রামদা দিয়ে কুপিয়ে তাঁকে জখম করেন। স্থানীয় লোকজন মকুল হোসেনকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মকুল হোসেনের মাথা ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাইদুল ইসলাম বলেন, ‘চিকিৎককে কোপানোর ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ ধুনট থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন,ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।