ছাত্রলীগের নেতার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধনে বাধা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের আমতলী ইসলামী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রলীগের এক নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন। ওই নেতার শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করা হলেও বাঘাইছড়িতে ছাত্রলীগের বাধার মুখে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করতে পারেনি বলে জানা গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রোববার শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীরা উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন করার জন্য জড়ো হয়। মুহূর্তের মধ্যে ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী এসে প্ল্যাকার্ড ও ব্যানার ছিনিয়ে নেন। পরে তাদের মানববন্ধন না করে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়।এদিকে গতকাল রোববার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় শিক্ষকেরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতা মো. রাসেলকে গ্রেপ্তার ও তাঁর শাস্তি দাবি করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার আমতলী ইউনিয়ন শাখার সভাপতি মো. রাসেল বিদ্যালয়ে যান। সেখানে প্রধান শিক্ষক এ কে এম জাফর আহম্মদকে খুঁজতে থাকেন। পরে তিনি প্রধান শিক্ষককে বিদ্যালয়ের বাইরে আসতে বলেন। তিনি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকের মাথা ও মুখে কিল-ঘুষি মারতে থাকেন রাসেল। পরে শিক্ষার্থীরা শিক্ষককে উদ্ধার করতে গেলে তারাও হামলার শিকার হয়। এই হামলায় মো. রাসেলের সঙ্গে ছাত্রলীগের ১০-১২ জন কর্মীও যোগ দেন। বর্তমানে ওই শিক্ষক রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে মো. রাসেলের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে বাঘাইছড়ি থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।প্রধান শিক্ষক এ কে এম জাফর আহম্মদ অভিযোগ করেন, গত ১৮ আগস্ট বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। পরে অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তক্রমে ২৯ আগস্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন পরিচালনা কমিটির সদস্যদের নামের তালিকা পাঠানো হয়। রাসেলকে না জানিয়ে এবং তাঁকে সদস্য না রাখায় প্রায় সময় মুঠোফোনে হুমকি দেওয়া হতো। এ বিষয়ে মো. রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে উল্টা অভিযোগ করে বলেন, ‘তিনি শিক্ষকতার পাশাপাশি বিদ্যালয়ে জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনা করেন। আমি তাঁদের বৈঠক করতে দেখার সময় শিবিরের কর্মীরা আমার ওপর হামলা করেন। আমি শিক্ষকের ওপর কোনো হামলা করিনি।’ বাঘাইছড়ি থানার উপপরিদর্শক মো. আবদুর রাজ্জাক বলেন, মো. রফিকুল ইসলাম নামে এক অভিভাবক মো. রাসেলের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।