ঠিকাদারি কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে গতকাল বুধবার নাটোর সদরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগের এক নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বড়াইগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে যুবলীগের আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। নাটোর শহরের নান্নুর মোড়ে গতকাল বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ওরফে মিলনের ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁর ব্যবসায়িক অংশীদার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিন্টুর ঠিকাদারি কাজের টাকার ভাগাভাগি নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে উভয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মিন্টু ও মিলন গুলিবিদ্ধ হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিন্টু মুঠোফোনে অভিযোগ করেন, আমি রাস্তার কাজের টাকা আনতে গেলে মিলন ও তাঁর লোকজন আমাকে কোমরে গুলি করে হত্যার চেষ্টা করে। মুঠোফোনে মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওরা (মিন্টুরা) অস্ত্রশস্ত্র নিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। ওরা আমার হাতে গুলি করে ও আমাকে কুপিয়ে জখম করে।’ বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী ওরফে হীরার সমর্থকেরা মঙ্গলবার রাতে আওয়ামী লীগে সদ্য যোগদানকারী মাহাবুবুল হক ওরফে বাচ্চুর বিরুদ্ধে মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বাচ্চুর সমর্থক যুবলীগের কর্মী রায়হান আলী (২০) গুলিবিদ্ধ হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুনটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০আমাদের ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, উপজেলার ভান্ডারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে মঙ্গলবার ভান্ডারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের নেতারা মেলা উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠান ও জুয়া খেলার আয়োজন করেন। ভান্ডারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের কাছে ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান বিচিত্রা অনুষ্ঠানের টিকিট বিক্রি ও জুয়া খেলার টাকার ভাগ চান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় মাহমুদুল হাসান তাঁর লোকজন নিয়ে বিচিত্রা অনুষ্ঠান ও জুয়ার আসর ভেঙে দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান বলেন, ‘মেলায় বিচিত্রা অনুষ্ঠানে নগ্ননৃত্য ও জুয়া খেলা বন্ধ করতে বলায় জাহাঙ্গীর ও তাঁর লোকজন আমাদের মারধর করে আহত করে।’ জাহাঙ্গীর আলম বলেন, ‘মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল যুবক আমার কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়ে মেলায় বিশৃঙ্খলার সৃষ্টি করে। আমি পরিবেশ শান্ত করার চেষ্টা করেছি।’