জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নীলফামারী, ঝিনাইদহের কালীগঞ্জ, মাদারীপুরের শিবচর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কের ফাঁসিতলা এলাকায় গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই বাসচালকের সহকারী গোবিন্দগঞ্জের পিয়ারাপুর গ্রামের সোহেল মিয়া (১৭), পণ্ডিতপুর গ্রামের সাকোয়াত হোসেন (৪৩) ও মদনপুর গ্রামের মিলন মিয়া (১৮) নিহত হন। একই দিন ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কাছে বালুয়া কালীতলা এলাকায় ট্রাকের ধাক্কায় সবুজ মিয়া (২০) নামে এক তরুণ নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার পারসুন্দাইল গ্রামে। ক্ষেতলাল (জয়পুরহাট): উপজেলার রামপুরা এলাকায় গত মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলের সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই মোটরসাইকেলের আরোহী ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম (৩২) গুরুতর আহত হন। গতকাল বুধবার সকালে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।নীলফামারী: নীলফামারী-জলঢাকা সড়কের দুন্দরী মাঝাপাড়া এলাকায় গত মঙ্গলবার ইটবোঝাই একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলগুলোর দুই আরোহী নিহত হন। তাঁরা হলেন ওষুধ কোম্পানি ডিসেন্ট ফার্মার বিক্রয় প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক (৩১) এবং পিপলস ফার্মার বিক্রয় প্রতিনিধি রাহেনুল ইসলাম (৩০)। তাঁদের বাড়ি নীলফামারী শহরের শান্তিনগরে। এলাকাবাসী ট্রাকচালক জাহাঙ্গীর ও তাঁর সহকারী আজাদ মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঝিনাইদহ: কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার একটি ট্রাকের চাপায় আবু রাসেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বাড়ি কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে। শিবচর (মাদারীপুর): ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার হাজি শরীয়তউল্লাহ সেতুর কাছে গত মঙ্গলবার একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের আল-আমিন মুন্সি (২১) ও আশিক হাওলাদার (২৫) নিহত হন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার বালসাবাড়ী বাজারের পাশে গত মঙ্গলবার ট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক পথচারী (৩০) নিহত হয়েছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাজারে গত মঙ্গলবার একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. তজু মিয়া সরদার (৭০) নিহত হন। নিহত তজুর বাড়ি সরাইল উপজেলার সীতাহরণ গ্রামে।