ছাত্রলীগের নেতাসহ ১৫ জনের নামে মামলা

কুমিল্লায় ছাত্রলীগের নেতা-কর্মীদের গুলিতে ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে৷ তবে পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত আহসান হাবিবের ভাই হাবিবুছ সায়েরীন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেলসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন রাসেল (৩৫), রিপন (২৫), ফাহিম (২৪), শাকিল প্রকাশ ছোট শাকিল (২৩), জাকির (২৭), খোকন (২৬), শাকিল (২৫), শাহপরান (২৫), সাইফুল (২০), জনি প্রকাশ চিকা (২৫), আলাউদ্দিন (২৬), ফাহমিদ (২৪), ফয়সাল (২৭), আশিক (২০) ও শিপু (২৩)৷
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর জের ধরে নগরের মুন্সেফবাড়ি ইউনিট ছাত্রলীগের সভাপতি সজীব চক্রবর্তীর বাড়িতে সশস্ত্র হামলা করে রাসেল ও তাঁর দলবল। তাঁরা সজীবের চাচাতো ভাই প্রীতম চক্রবর্তীকে গুলি করেন। তাঁকে বাঁচাতে পাশের বাসার বাসিন্দা আহসান হাবিব ছুটে গেলে তাঁকেও গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের চাচাতো ভাইয়ের ছেলে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ প্রীতমের চিকিৎসা চলছে। তিনি আশঙ্কামুক্ত বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। রাজধানীর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম৷
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, আসামিদের মুঠোফোনের কললিস্ট বের করা হয়েছে। এঁদের বেশির ভাগই কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ভারতে পালিয়েও গেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।