ছাত্রলীগের নেত্রীকে পেটালেন ছাত্রলীগের নেতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত রোববার ছাত্রলীগের এক নেত্রীকে পিটিয়েছেন আসাদুল্লাহ আসাদ নামের ছাত্রলীগের এক নেতা। ওই নেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসাদুল্লাহ সখীপুর মুজিব কলেজ ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক।
একই কলেজ ছাত্র সংসদের সদস্য আহত ওই নেত্রী বলেন, ‘আসাদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আসাদ আমার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুললে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। পরে ওই নেতা বিষয়টি অস্বীকার করলে আমি বিষপানে আত্মহত্যার চেষ্টা করি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংসদ ঘটনাটি মীমাংসার জন্য কয়েকজন নেতাকে দায়িত্ব দেন। মীমাংসা ব্যর্থ হলে গত রোববার বিকেলে আমি উপজেলার কাহার্তা গ্রামে আসাদুল্লাহর বাড়িতে গিয়ে তাঁকে আমাকে বিয়ে করতে বলি। এ সময় আসাদুল্লাহ ও তাঁর বন্ধুরা আমাকে বেদম মারধর করেন। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেললে আসাদুল্লাহর বড় ভাই হাবিবুল্লাহ মোটরসাইকেলে করে নিয়ে এসে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান।’
ওই নেত্রী আরও জানান, তিনি আসাদুল্লাহসহ চারজনকে আসামি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।