ছাত্রলীগের পদ টাকায় মেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে টাকা নিয়ে একটি ইউনিয়নের কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। সম্মেলন ছাড়াই ওই কমিটি গঠন করা হয়েছে৷ টাকা দিয়ে কমিটিতে ঠাঁই পেয়েছেন বিবাহিত ও অছাত্ররা। তবে উপজেলা ছাত্রলীগের নেতারা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ১০ বছর পর গত ২৩ মে ইউনিয়নে ছাত্রলীগের নতুন কমিটি করা হয়। মাহবুব আলমকে ওই কমিটির সভাপতি ও মো. রাজীবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তাঁরা উপজেলা পর্যায়ের নেতাদের টাকা দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের পদবঞ্চিত নেতারা৷ তবে মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো. রাজীব দাবি করেন, তাঁরা কাউকে টাকা দেননি। দল তাঁদের যোগ্য মনে করায় কমিটিতে রেখেছে।
ইউনিয়ন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা রাকিবুল হাসান অভিযোগ করেন, কমিটি গঠনের কয়েক দিন আগে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঙ্গে তাঁর কথা হয়৷ এ সময় শরীফুল তাঁকে জানান, সভাপতি পদের জন্য মাহাবুবের কাছে তিনি দেড় লাখ টাকা চেয়েছেন। পরে বিষয়টি এক লাখ টাকায় রফা হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিন্টু মৃধা বলেন, রাজীবের ছাত্রত্ব নেই আর মাহবুব বিবাহিত। টাকার বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ সভায় ওই কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে। জেলা ছাত্রলীগকেও বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে৷ পদবঞ্চিত রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, কমিটিতে পদ দেওয়ার কথা বলে তাঁদের দুইজনের কাছে টাকা চাওয়া হয়েছে।
শরীফুল ইসলাম টাকা নিয়ে কমিটি গঠন করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আখাউড়া পৌরসভার মেয়রের পছন্দ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। দলে সময় দিয়েছেন এমন ছাত্রদের দিয়েই কমিটি করা হয়েছে। মুঠোফোনে টাকা চাওয়ার বিষয়ে প্রমাণ আছে বললে তিনি জানান, পদ না পেয়ে তাঁর বিরুদ্ধে এমন সাজানো নাটক তৈরি করা হচ্ছে। তিনি বলেন, রাজীব ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র। কমিটি গঠনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল শাহ বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে কমিটি না থাকায় আমরা সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে পারিনি। কমিটি গঠন করে তা আখাউড়া পৌরসভার মেয়রকে জানানো হয়েছে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া বলেন, আখাউড়ায় ইউনিয়ন কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ তিনিও পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, কমিটি নিয়ে ‘বািণজ্য’ হয়েছে এমন অভিযোগ তিনিও শুনেছেন। জেলা কমিটির এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।