ছাত্রলীগের পদচ্যুত নেতার বিরুদ্ধে তদন্ত শুরু
সিলেট জেলা ছাত্রলীগের পদচ্যুত সভাপতি পংকজ পুরকায়স্থের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল বুধবার সকালে সিলেটে পৌঁছে তদন্ত শুরু করেছে। ছাত্রলীগ সূত্র জানায়, ২০ জানুয়ারি সিলেট এমসি কলেজে চার লাখ টাকার সংস্কারকাজ না করিয়ে বিল উত্তোলন করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে লাঞ্ছিত করেন পংকজ। এ ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এমসি কলেজের সব উন্নয়নমূলক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বিষয়টি কেন্দ্রের নজরে আসে। গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগ একটি পত্রের মাধ্যমে পংকজের সভাপতি পদ স্থগিত করে। জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হিরণ মাহমুদকে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সূত্র জানায়, গতকাল সকালে তদন্ত দলের সদস্যরা এমসি কলেজসহ আশপাশের এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেও তাঁরা পংকজের নামে ঠিকাদারি কাজের খোঁজখবর নেন। তদন্ত দলের কাছে পংকজের সভাপতি পদে থাকাকালে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে আগুন, টিলাগড় এলাকায় সরকারি ছাগল খামারে দরপত্রে প্রভাব খাটানোর বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত পৌঁছানো হয়েছে। এসব বিষয়ে খোদ ছাত্রলীগের নেতা-কর্মীরাই তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান প্রথম আলোকে জানান, তদন্ত দলকে তাঁরা স্বাধীনভাবে তদন্ত করতে সহযোগিতা করছেন। দলের স্বার্থে কোনো বিষয় গোপন রাখা হচ্ছে না। সরেজমিনে এই তদন্ত প্রতিবেদন পেয়ে কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তাঁদের জানানো হয়েছে।