ছাত্রলীগের পাঁচ কর্মীকে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে প্রক্টরিয়াল কমিটি। তাঁরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শহিদুল্লাহ মারুফ ও বেলায়েত হোসেন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সাইদ ও তুহিন এবং পরিসংখ্যান বিভাগের ইমরান হোসেন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গত সোমবার এই সুপারিশ জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পেট্রোলিয়াম অ্যান্ড জিওরিসোর্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের ওপর হামলা করেন ছাত্রলীগের কর্মীরা। এর পরপরই পাঁচ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারের সুপারিশ জানানো হয়। প্রক্টর এস এম সাইফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ওই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।