ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের দায়ে প্রতিষ্ঠানটির পাঁচ ছাত্রলীগের কর্মীকে সাময়িক বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলেও তাঁরা বহাল তবিয়তে রয়েছেন। তাঁদের ব্যাপারে সিন্ডিকেটের রায় ঘোষণার পর সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু এ সময়েও তা কার্যকর করতে পারেনি প্রশাসন। এদিকে সাজা কার্যকর না হওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন একে অপরকে দায়ী করছে। এ অবস্থায় বিচারের গুরুত্ব ও প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।১৬ ডিসেম্বর মওলানা ভাসানী হলে বিজয় দিবস উপলক্ষে প্রীতিভোজে নিয়মবহির্ভূতভাবে খাবার নেওয়ার সময় ছাত্রলীগের পাঁচ কর্মী হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। ওই ঘটনায় পরের দিন সিন্ডিকেটের সভায় ফেরদৌস আহমেদ, রকিবুর রহমান, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি ও সিফা সালেহীনকে তিন মাসের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তা কার্যকর করার সিদ্ধান্ত হয়। পরে হল প্রশাসনকে সিদ্ধান্ত কার্যকরের জন্য লিখিতভাবে জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অন্যান্য সূত্র জানায়, অভিযুক্ত ছাত্ররা এখনো ক্যাম্পাসের বিভিন্ন হলে অবস্থান করছেন ও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে হল প্রশাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্ত ছাত্রদের তিনজন শাস্তি মওকুফের আবেদন করেছেন।বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ বলেন, সাজাপ্রাপ্তরা ক্যাম্পাসে অবস্থান করছেন। এখনো রায় কার্যকর না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছেন। হলের প্রাধ্যক্ষ খবির উদ্দীন বলেন, সাজাপ্রাপ্তদের মধ্যে মওলানা ভাসানী হলের তিনজন শাস্তি মওকুফের আবেদন করলে আবাসিক শিক্ষকদের সঙ্গে সভা করে এ ব্যাপারে প্রশাসনের কাছে সুপারিশ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলে অবস্থান করছেন না। ক্যাম্পাসে অবস্থান করলে প্রক্টরিয়াল বডিকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।আবাসিক শিক্ষক মো. জামালউদ্দীন বলেন, শাস্তি মওকুফের সুপারিশসংক্রান্ত কোনো সভাই হয়নি।প্রক্টর সোহেল আহমেদ বলেন, শাস্তি পাওয়া ছাত্রদের হলে অবস্থান না করার বিষয়টি হল প্রশাসনকে নিশ্চিত করতে হবে। কয়েক দিন পেরিয়ে গেলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আরও বলেন, বিচার চেয়ে যদি শাস্তি মওকুফের সুপারিশ করা হয়, তবে সেটি সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে।