আওয়ামী লীগের এক নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ৷ গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন রুবেল দে, শাহরিদ শুভ, আসিফুজ্জমান আসিফ, মেহরাজ হোসেন ও সোহেল খান। রুবেল ও শুভকে ছয় মাসের জন্য ও বাকিদের তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের বগিভিত্তিক পক্ষ ‘ভিএক্স’-এর কর্মী। এই ছয়জনকে এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়৷
নাসির হায়দারের অনুসারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অমিত কুমার বসু বলেন, ‘এ সিদ্ধান্তে আমরা স্তম্ভিত, এটি লোক দেখানো। এ ধরনের হালকা সিদ্ধান্ত নৈরাজ্য সৃষ্টিকারীদের ভবিষ্যতে জঘন্য কর্মকাণ্ডের জন্য আরও উদ্বুদ্ধ করবে।’ তিনি বলেন, ‘আমরা ২৮ মে পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দাবি পূরণ না হলে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।’
তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছে৷
উল্লেখ্য, গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক নাসির হায়দার। এর পর থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারসহ সাত দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তাঁর অনুসারীরা।