ছাত্রলীগের পাঁচজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এক ছাত্রীকে লাঞ্ছনা, ছিনতাই ও মারধরের ঘটনায় তাঁদের বহিষ্কার করা হয়েছিল। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ছাত্রী লাঞ্ছনা, ছিনতাই ও প্রহারের অভিযোগে গত বছর ২৩ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ (বিজয়), ছাত্রলীগ কর্মী নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ইফতি ও নুরুল কবির, ওই হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ এবং ছাত্রলীগের কর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসানকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশের বিরুদ্ধে গত বছরের শেষের দিকে হাইকোর্টে রিট করেন ওই পাঁচজন। শুনানি শেষে গত ২০ মার্চ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের ওই রায়ের পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল ছাত্রলীগের ওই পাঁচ নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে পুনরায় অংশ নেওয়ার জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে আবেদন করেন। আবেদন গৃহীত হওয়ার পর গতকাল বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানিয়ে প্রশাসনিক আদেশ জারি করা হয়।
এ বিষয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে।
গত বছর ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ ওঠে ছাত্রলীগের এই পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে। ১৬ এপ্রিল ছাত্রলীগ থেকে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।