ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে ছাত্রলীগের সম্মেলন শেষে কমিটি গঠনকে কেন্দ্র করে গত রোববার রাতে দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় অন্তত ১১টি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ফেনী-পরশুরাম সড়কে লোকাল যানবাহন চলাচল বন্ধ ছিল।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রায় নয় বছর পর গত রোববার পরশুরাম উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকদের নাম ঘোষণা করে নেতারা সভাস্থল ত্যাগ করেন। এ সময় কাঙ্ক্ষিত পদ না পেয়ে কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন ওরফে মানিকের সমর্থকেরা উত্তেজিত হয়ে স্লোগান দিয়ে প্রতিপক্ষের প্রতি চেয়ার ছুড়ে মারতে শুরু করেন। এভাবে নবঘোষিত সভাপতি সাইফুল করিম ওরফে নিহাদ পক্ষের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সড়কের পাশে বেশ কিছু যাত্রীবাহী বাসের কাচ ভাঙচুর করা হয়।
যাত্রীবাহী বাসের কাচ ভাঙচুরের প্রতিবাদে বাস মালিক সমিতি গতকাল সোমবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ফেনী-পরশুরাম সড়কে লোকাল বাস চলাচল বন্ধ রাখে। ফেনী-পরশুরাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী সিরাজ অভিযোগ করেন, তাঁদের ১১টি বাস ভাঙচুর করা হয়েছে। সেগুলো সম্মেলনে কর্মী আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এর আগেও ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে কিছুদিন আগে কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের বিচারের আশ্বাস ও যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সারা দিন বন্ধ রাখার পর বিকেল চারটা থেকে বাস চলাচল শুরু করা হয়।
এ সম্পর্কে জানার জন্য পরশুরাম উপজেলা ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি করিম ওরফে নিহাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং মাঈনউদ্দিন ওরফে মানিক জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি ইয়াছিন শরিফ জানান, সম্মেলন শেষে সামান্য পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়ার ঘটনা ঘটেছে। পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার জানান, সম্মেলনে কিছুই হয়নি। বিএনপির লোকেরা গাড়ি ভাঙচুর করেছে। মামলার প্রস্তুতি চলছে।