পবিত্র রমজান মাস উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রলীগের কর্মীদের হাতে পিটুনির শিকার হয়েছেন। এতে গুরুতর আহত শিবিরের আট কর্মীকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন আহত শিবিরকর্মী তামিম ও শাহাদাৎ জানান, রমজান উপলক্ষে শিবিরের কর্মীরা রাতে ক্যাম্পাসের ফটকের কাছে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় সানি, শরিফ, হাবিব ও শুভ্রর নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী শিবিরের কর্মীদের ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান। পরে সেখানে ছাত্রলীগের কর্মীরা শিবিরকর্মীদের বেধড়ক পেটাতে শুরু করেন। এতে কমপক্ষে ১০ জন শিবিরকর্মী আহত হন।মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রায়হান বলেন, শিবিরের ছেলেরা ক্যাম্পাসে জঙ্গি তৎপরতায় লিপ্ত ছিলেন। তাঁরা কারাগারে আটক জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে জঙ্গি আন্দোলনের পরিকল্পনা ও লিফলেট বিলি করছিলেন। এতে বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কান্তা রায় বলেন, রাত একটা ৪০ মিনিটে ঘটনার খবর পেয়ে তিনি পুলিশে খবর দেন।