চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত ১৩ সদস্যের পুরো প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী রানা বড়ুয়া ভিপি, আবুল কালাম অভি জিএস এবং মো. রোকন উদ্দিন এজিএস নির্বাচিত হন।
গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ৩৩৩টি ভোট পেয়ে বিজয়ী হয়। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেল পেয়েছে ১৮২ ভোট। তৃতীয় অবস্থানে থাকা ছাত্রশিবিরের প্যানেল পেয়েছে ১০৫ ভোট। ছাত্রসংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আইন কলেজে প্রতিবছরের মতো এবারও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আইন কলেজ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে নজির রেখে চলেছে।’
গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। নির্বাচনে ছাত্রদলের পক্ষে মো. আমজাদ হোসেন ভিপি ও মো. ইকবাল হোসেন জিএস এবং ছাত্রশিবিরের পক্ষে মো. হাসান ভিপি ও মো. জামাল উদ্দিন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।