ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, কাটা হলো কেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তার ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

কেন্দ্রীয় কমিটির পর সংগঠনের অন্যান্য ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনের নেতা-কর্মীরা। আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই কেক কাটা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি দেশব্যাপী সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করবে ছাত্রলীগ। এই সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনের নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো

৬ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পথশিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করবে ছাত্রলীগ। বেলা তিনটায় রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

৭ জানুয়ারি বেলা তিনটায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে ছাত্রলীগ।

৮ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।