ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, মারধর, আহত ৭৭
বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে গতকাল বুধবার দেশের কয়েকটি স্থানে সংঘর্ষ, মারধর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।পিরোজপুরে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমের কর্মীসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। রাজশাহীতে সমাবেশে এক কর্মীর পকেট থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ ও যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসযাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়।এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ী ও চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই পক্ষের মধ্যে মারধর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পিরোজপুর: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বক্তব্যমতে, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ছাত্রলীগের দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। সকালে শহরের মুকুল ফৌজের সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুবের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে সাধনা সেতুর কাছে পুলিশ আটকে দেয়। পরে নেতা-কর্মীরা সেতুর কাছে সভা করেন।অন্যদিকে, একই সময়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদ আহমেদের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে অপর একটি শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি সাধনা সেতুর দিকে অগ্রসর হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় জামে মসজিদের চত্বরে পৌঁছালে পুলিশ সামনে না যাওয়ার আহ্বান জানায়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নেতা-কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। জবাবে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে একটি পক্ষকে সাধনা সেতুর দিকে না যাওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু নেতা-কর্মীরা তা না শুনে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।এ সময় সহকারী পুলিশ সুপার মো. আকরামুল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পিরোজপুরের প্রতিনিধি ফসিউল ইসলাম ও দেশ টিভির প্রতিনিধি ফিরোজ আহমেদ।জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদ আহমেদ বলেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।রাজশাহী: প্রত্যক্ষদর্শী সূত্রের বক্তব্যমতে, বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি দুপুর ১২টার দিকে উপজেলা চত্বর হয়ে শহীদ মিনার চত্বরের দিকে যায়। একপর্যায়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সরদহ ইউনিয়নের এক কর্মীর পকেট থেকে অন্য এক কর্মী মুঠোফোন বের করে নেয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে চারঘাট সদরের নেতা-কর্মীদের সঙ্গে সরদহ ইউনিয়নের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। উপজেলা চত্বরে প্রায় আধঘণ্টা সংঘর্ষ চলে।একপর্যায়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়ার নেতৃত্বে সরদহ ইউনিয়নের নেতা-কর্মীরা বড়াল নদ পার হয়ে উত্তর দিকে চলে যান। পথে চারঘাট পল্লীবিদ্যুৎ মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাসে তাঁরা হামলা চালান।রাজশাহী থেকে বাঘামুখী ওই বাসের একাধিক যাত্রী বলেন, বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ছাত্রলীগের নেতা-কর্মীরা বাসটির গতিরোধ করে ভাঙচুর চালান। এ সময় লাঠি ও ভাঙা কাচের আঘাতে নারী, শিশুসহ প্রায় সব যাত্রীই কম-বেশি আহত হয়।ছাত্রলীগের নেতা-কর্মীরা বাসটি দিয়ে রাস্তায় অবরোধ তৈরি করে। এ ঘটনায় বেলা পৌনে একটা থেকে তিনটা পর্যন্ত চারঘাট-রাজশাহী সড়কে যান চলাচল বন্ধ থাকে।জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, চারঘাটের নেতা-কর্মীদের লাঠিসোঁটার আঘাতে তাঁদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, প্রথম দিকে পরিস্থিতি এমন ঘোলাটে হয় যে সামাল দিতে পুলিশ হিমশিম খায়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পটিয়া (চট্টগ্রাম): প্রত্যক্ষদর্শী সূত্রের বক্তব্যমতে, গতকাল ছাত্রলীগের একটি পক্ষ উপজেলার মুন্সেফ বাজারে সাংসদ শামসুল হক চৌধুরীর কার্যালয়ে বেলা ১১টার দিকে কেক কাটেন। এ সময় সেখানে অন্তত ৫০ জন নেতা-কর্মী ছিলেন।অন্য পক্ষটি উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে দিবসটি উদ্যাপন করে। সেখানে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদসহ প্রায় ৭০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোফরানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পটিয়া সরকারি কলেজের দিকে আসার পথে সাংসদের কার্যালয় পার হয়ে কিছুদূর যাওয়ার সময় অপর পক্ষের তিন কর্মীর সঙ্গে বাগিবতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের নেতা-কর্মীরা পরস্পরকে কিল ও ঘুষি মারেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সরিষাবাড়ী (জামালপুর): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌর এলাকার শিমলা বাজারের গণময়দান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার শিমলা বাজারের আমতলা এলাকায় পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশি ধাওয়া খেয়ে শোভাযাত্রাটি ছত্রভঙ্গ হয়ে যায়।পরে নেতা-কর্মীরা শিমলা বাজারের বঙ্গবন্ধু চত্বরে সমবেত হন। সেখানে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এহসান মানিক প্রমুখ।সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান বলেন, দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতেই পুলিশ অবস্থান নেয়।