কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে তিন বছর আগেই ছাত্রলীগের কর্মী নূরুল আমিন ওরফে সবুজকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়৷ গত মাসে আবারও একই ঘটনা ঘটালে তাঁর বিরুদ্ধে দুটি মামলাও করা হয়৷
কিন্তু পুলিশের চোখে পলাতক নূরুল আবারও বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে থাকা শুরু করেছেন৷ এ জন্য তিনি ছাত্রলীগের নেতাদের প্রশ্রয় পাচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী৷
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী নূরুল আমিন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন৷ ওই ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে ২০১১ সালের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাঁকে আজীবন বহিষ্কার করে ও বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে৷
ওই ঘটনার তিন বছরের মাথায় গত ১৯ এপ্রিল দুপুরে নূরুল আমিন রিভলবার নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ১০৯ নম্বর কক্ষে বাংলা বিভাগের পরীক্ষার কক্ষে ঢুকেন৷ তিনি সবার সামনে রিভলবার উঁচিয়ে একই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন৷ পরে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান৷ এ ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এবং ওই ছাত্রীর বাবা সদর দক্ষিণ থানায় নূরুল আমিনের বিরুদ্ধে পৃথক মামলা করেন৷ কিন্তু গতকাল পর্যন্ত নূরুল আমিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
ধীরেন্দ্রনাথ দত্ত হলের একাধিক শিক্ষার্থী জানান, নূরুল আমিন আগে হলের ২০৩ নম্বর কক্ষে থাকতেন৷ মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন৷ কিন্তু গত বুধবার থেকে হলের ৩০৪ নয়তো ৩০০৪ নম্বর কক্ষে থাকছেন৷ এর মধ্যে ৩০০৪ কক্ষে নূরুল আমিনের বর্ষের কয়েকজন বন্ধু ও ৩০৪ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিনের অনুসারীরা থাকেন৷
শিক্ষার্থীরা জানান, নূরুল আমিন সাধারণত দিনে কক্ষে থাকেন না৷ রাতে থাকেন৷ এ জন্য হল শাখার ছাত্রলীগের নেতারা তাঁকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন৷
হলে থাকার ব্যাপারে নূরুল আমিনের দুটি মুঠোফোনে গতকাল শুক্রবার একাধিকবার কথা বলার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়৷
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘নূরুল আমিন একসময় আমাদের সঙ্গে ছাত্রলীগ করতেন৷ এখন আর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন৷ বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে৷ তবে বুধবার তাঁকে হলে দেখা গেছে। আমরা তাঁকে এখন আর প্রশ্রয় দিই না৷’
যুগ্ম আহ্বায়ক আল আমিন বলেন, ‘বৃহস্পতিবার আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধীরেন্দ্রনাথ দত্ত হলের সামনে নূরুল আমিনকে দেখা গেছে৷ তাঁর সঙ্গে এখন আর আমাদের সম্পর্ক নেই৷’
নূরুল আমিনের ব্যাপারে জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘নূরুল আমিন হলে ফিরে এসেছেন কি না, আমি জানি না৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখছি৷’
সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক বলেন, ‘নূরুল আমিন হলে রয়েছেন কি না খতিয়ে দেখছি৷ তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে৷’