ছাত্রলীগের প্রহরায় দুদকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী
ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসে তাঁদের পাহারায়ই দুদক ছেড়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান। সংবাদকর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার কারণে কথা বলা সম্ভব হয়নি।
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন ওয়াহিদুর রহমান। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে আসার পর ছাত্রলীগের ঢাকা মহানগরের (দক্ষিণ) সহসভাপতি মো. সেলিমের নেতৃত্বে কয়েকজন ওয়াহিদুর রহমানকে ঘিরে ধরে গাড়ির কাছে নিয়ে যান। সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন। গাড়িতে ওঠার আগে একপর্যায়ে ওয়াহিদুর রহমান এক মিনিটের জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হন। তিনি বলেন, ‘যা বলার দুদকের কাছে বলেছি। তারা কিছু কাগজপত্র চেয়েছিল, সেগুলো দিয়েছি।’
এরপর ওই সব তরুণ ওয়াহিদুর রহমানকে গাড়িতে তুলে দিলে তিনি দুদক থেকে বেরিয়ে যান।
দুদক সূত্রে জানা গেছে, চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না দিলেও চাকরির শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন ওয়াহিদুর রহমান। এরপর তাঁর চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয়। কিন্তু অভিযোগ আসে যে ভুয়া তথ্য দিয়ে তিনি মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন। এ অভিযোগের প্রাথমিক সত্যতাও পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। বিষয়টি নিয়ে এখন অনুসন্ধান করছে দুদক।
ওয়াহিদুর রহমান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।
পিডিবির প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ: আড়াই হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী খালিদ মাহমুদকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল সকালে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক হামিদুল হাসান তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ঘোড়াশালে বিদ্যুৎ প্রকল্পের নামে প্রায় আড়াই হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে অনুসন্ধান করছে দুদক।
অতিরিক্ত আইজিপির মুক্তিযোদ্ধা সনদ অনুসন্ধান: মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগে পুলিশের এক অতিরিক্ত মহাপরিদর্শকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। তাঁর নাম শেখ হেমায়েত হোসেন। পুলিশের এই কর্মকর্তা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধানের দায়িত্ব পালন করছেন।
গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে এ ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
আনন্দ শিপইয়ার্ডের দুর্নীতি অনুসন্ধান: আনন্দ শিপইয়ার্ডের হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানকাজকে আরও গতিশীল করার জন্য দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে তিন সদস্যের দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত এবং উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন। এত দিন অনুসন্ধানের কাজটি জয়নুল আবেদীন শিবলী একাই করে আসছিলেন।
আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে জাহাজ রপ্তানির নামে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক।