ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফের বাসে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগের পদবঞ্চিত পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।জানা যায়, গতকাল শুক্রবার ছাত্রলীগের পদবঞ্চিত পক্ষের নেতা-কর্মীরা কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ক্যাম্পাসের পাশের মধুপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় বাসে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ইটপাটকেল ও ভাঙা কাচের আঘাতে আহত হন। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভাঙচুরের শিকার বাসটি পরে পুলিশি প্রহরায় ক্যাম্পাসে নিয়ে আসা হয়।হামলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহনুর আলম কেরামত বলেন, ‘বিষয়টি কে বা কারা ঘটিয়েছে, তা আমার জানা নেই।’হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা ছাত্রলীগের কেউ নয়, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ছাত্রলীগের পদবঞ্চিত পক্ষের নেতা-কর্মীরা পাঁচ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।