জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামকে লাঞ্ছিত করায় উপপরিবেশ-বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ চারজনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ। অন্যদিকে জালিয়াতির অভিযোগে সাইফুলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারের সামনে কথা বলছিলেন সাইফুল ইসলাম। এ সময় শরিফুল ইসলাম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে সাইফুলের কথা বলার কারণ জানতে চান। সাইফুল বলেন, শিক্ষার্থীরা তাঁর এলাকার ছোট ভাই। তখন তাঁর গালে চড় মারেন শরিফুল। পাল্টা সাইফুলও সংগঠনের সভাপতি শরিফুলকে চড় মারেন। পরে সভাপতির পক্ষের কর্মীরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। সাইফুলকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পক্ষের কর্মী। তিনি সাংবাদিকদের বলেন, ভর্তিচ্ছু ছাত্ররা এলাকার ছোট ভাই পরিচয় দেওয়ার পরও বিনা কারণে তাঁকে মারধর করা হয়েছে। লাঞ্ছনার বিষয় অস্বীকার করে শরিফুল জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকায় সাইফুল ইসলামসহ ছাত্রলীগের সহসম্পাদক তরিকুল ইসলাম, উপকর্মসূচি পরিকল্পনা সম্পাদক রমিজ উদ্দিন, সদস্য শেখ রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে সাইফুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
কম্বল পেলেন বাউফলের ৭০ নারী জেলে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রথম আলো ট্রাস্টের কম্বল পেলেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ের বগী খালে বসবাসকারী মানতা সম্প্রদায়ের (ভাসমান জেলে) হতদরিদ্র ৭০ জন নারী জেলে।
গতকাল শুক্রবার সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমকাল-এর বাউফল প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায়, আমাদের সময়-এর কৃষ্ণ কান্ত কর্মকার, সকালের খবর-এর এম এ বশার, ইনকিলাব-এর মাসুম ছিদ্দিকী, সমাজসেবক মো. জলিলুর রহমান, আলমাছ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
ভাসমান জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এঁদের কারও কোনো জমিজমা নেই। অথচ সরকারিভাবে কম্বল কিংবা বিভিন্ন উৎসবের সময় ভিজিএফের আওতায় চাল দিলেও ১৫-২০ বছর পর্যন্ত বগী খালের মধ্যে নৌকায় বসবাসকারী এসব ভাসমান জেলে তা থেকে বঞ্চিত হচ্ছেন।