সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মীদের পক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের একাংশ। ঘটনার পুনঃ তদন্তের দাবিতে উপাচার্যকে স্মারকলিপিও দেন তাঁরা।
গত ৮ জুন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত তিনজনই মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে এই বহিষ্কারাদেশকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে মানববন্ধন করেছে হলের ছাত্রদের একাংশ। মানববন্ধন শেষে মার্কেটিং বিভাগের ৩৯তম ব্যাচের শামীমুল ইসলাম, ৪০তম ব্যাচের ওয়ালিউল্লাহ বাসার, ইতিহাস বিভাগের একই ব্যাচের আসাদ রিমন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৪২তম ব্যাচের মো. শিহাব উদ্দিনসহ প্রায় ১০-১৫ জন শিক্ষার্থী উপাচার্য ফারজানা ইসলামকে স্মারকলিপি দেন।
জানতে চাইলে ওয়ালিউল্লাহ বলেন, ‘যে তদন্তের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে, সেই তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। তাই আমরা পুনঃ তদন্তের দাবি জানিয়েছি উপাচার্যকে। একই সঙ্গে পুনঃ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহিষ্কারাদেশ স্থগিতের দাবিও জানাচ্ছি। তাৎক্ষণিকভাবে কিছু না জানালেও উপাচার্য আমাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’ এ বিষয়ে জানতে গতকাল রাতে উপাচার্যের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ধরেননি।
সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে গত ২৭ জুন পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো, সহসম্পাদক ইকরাম উদ্দিন ওরফে অমি ও ছাত্রলীগের কর্মী ইকরাম নাহিদকে বহিষ্কার করা হয়। মহিতোষ রায়কে দুই বছর এবং ইকরাম উদ্দিন ও ইকরাম নাহিদকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় ৮ জুন রাতেই মহিতোষকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতা-কর্মীদের পক্ষে মানববন্ধনের নিন্দা জানিয়ে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আবিদ সরকার বলেন, এত দিন সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছেন। কিন্তু বিচার হওয়ার পর যাঁরা বহিষ্কৃত ব্যক্তিদের পক্ষে মানববন্ধন করেছেন, তাঁরা কতটা জেনেবুঝে এসব কর্মসূচিতে এসেছেন, সেই প্রশ্ন থেকে যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।