কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ও অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইলিয়াস হোসেনকে চূড়ান্ত পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারাগারে থাকায় এই সেমিস্টারে মাত্র দুদিন ক্লাস করতে পেরেছেন তিনি।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৬ আগস্ট ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইলিয়াস জেলে থাকায় ওই পরীক্ষা স্থগিত করতে বাধ্য করেন তাঁর অনুসারীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। এতে একাডেমিক কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ সভাপতিত্ব করেন। বৈঠকে লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার বহিষ্কৃত সভাপতি ইলিয়াসের পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। বিভাগীয় কমিটির সুপারিশক্রমে মানবিক দিক বিবেচনা করে ইলিয়াসের পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
ইলিয়াস দাবি করেন, ‘অস্ত্র দিয়ে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে। গ্রেপ্তার না হলে নিয়মিত ক্লাস করতাম। অতীতে ক্লাসে উপস্থিতি ও পরীক্ষার ফল ভালো হওয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।’ প্রশাসনিক দপ্তরের তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ২৪ এপ্রিল ইলিয়াসকে র্যাব-১১ কুমিল্লার সদস্যরা আটক করে। এরপর তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়। গত ২৬ এপ্রিল তাঁকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করে। গত ২৬ আগস্ট লোকপ্রশাসন (স্নাতকোত্তর) দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। ইলিয়াসের অনুসারীরা ওই পরীক্ষায় অংশগ্রহণ না করতে শিক্ষার্থীদের হুমকি দেন। এতে পরীক্ষা স্থগিত হয়ে যায়। গত ১৩ সেপ্টেম্বর ইলিয়াস জামিনে মুক্তি পান। এরপর পরীক্ষা দেওয়ার জন্য তিনি বিভাগীয় প্রধান ও উপাচার্যের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন তাঁর বিষয়টি গতকাল একাডেমিক কাউন্সিলে উল্লেখ করে।
একাডেমিক কাউন্সিলের বৈঠকে উপস্থিত সমাজবিজ্ঞান ও কলা অনুষদের দুটি বিভাগের শিক্ষক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ এবারই ওর ছাত্রত্ব শেষ। তাই মানবিক দিক বিবেচনা করে তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়।’
সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মাসুদা কামাল বলেন, ‘এ ব্যাপারে আপনি রেজিস্ট্রারের কাছ থেকে জেনে নিন।’