ছাত্রলীগের বহিষ্কৃত নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি (সদ্য বহিষ্কৃত) ও লোকপ্রশাসনের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস হোসেন ওরফে সবুজের মুক্তির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে ওই মানববন্ধন হয়।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা প্রেসক্লাবের সামনে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অবিলম্বে ইলিয়াসকে মুক্তির দাবি জানানো হয়, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অংশ নেন ইলিয়াস মুক্তি পরিষদের আহ্বায়ক ফখরুল পারভেজ, সদস্যসচিব মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ জুয়েল, রিফাত রহমান, শেখ আজহার, মানিক দাস, জহিরুল ইসলাম প্রমুখ।
এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস হতে দেননি ইলিয়াসের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তাঁরা ক্লাস করতে যাওয়া কয়েকজন শিক্ষার্থীকে বাসে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিকেলে কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে।
জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, গতকাল সকালে প্রথম বর্ষের কিছু ছেলের সঙ্গে বাসে ঝামেলা হয়েছে। পরে তা মীমাংসা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বাস ও ক্লাস যথারীতি চলবে।
গত ২৪ এপ্রিল দুপুরে র্যা বের সদস্যরা কোটবাড়ীর শালবন জাদুঘর এলাকার একটি পিকনিক স্পট থেকে ইলিয়াসকে আটক করেন। এরপর অস্ত্রসহ তাঁকে থানায় সোপর্দ করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ। এরপর ৩০ এপ্রিল ছাত্রলীগ সংবাদ সম্মেলন ডেকে গত সোমবার থেকে ক্লাস ধর্মঘটের আওতামুক্ত বলে ঘোষণা দেয়।
কিন্তু গত রোববার রাতে ইলিয়াস হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হতে দেননি। গতকালও সকালের দিকে ক্লাস হয়নি। আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।