ছাত্রলীগের বহিষ্কৃত নেতারা দুই বছর পর ক্যাম্পাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়াসহ অর্ধশতাধিক নেতা-কর্মী তাঁদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। প্রায় দুই বছর ক্যাম্পাসের বাইরে অবস্থান করার পর গতকাল দুপুরে ক্যাম্পাসে এসে উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁরা এ দাবি জানান। স্থগিত কমিটির নেতাদের ভাষ্যমতে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় গতকাল দুপুর ১২টার দিকে প্রায় দুই বছর ধরে ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্ঝর আলমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে আসেন। দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেন তাঁরা। এ সময় নেতা-কর্মীরা বলেন, ২০১০ সালের ৫ জুলাই ছাত্রলীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তৎকালীন উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে তাঁদের বহিষ্কার করেন। ওই ঘটনার পর থেকে প্রশাসনের অসহযোগিতা এবং সে সময়ের উপাচার্য-সমর্থক ছাত্রলীগ কর্মীদের ভয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী শতাধিক ছাত্রলীগ কর্মীকে ক্যাম্পাসে অবস্থানের সুযোগ দেওয়াসহ শিক্ষাজীবন স্বাভাবিক করার অনুরোধ জানান তাঁরা। উপাচার্য বৈধ শিক্ষার্থীদের বিষয়ে আশ্বাস দেওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে চলে যান। এর আগে প্রশাসনিক ভবনের সামনে চারটার দিকে সাংবাদিকদের কাছে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ২০১০ সালের ৫ জুলাই ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে ১৭ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। কিন্তু এর পরই ২৬ আগস্ট তৎকালীন উপাচার্য ছাত্রলীগের একটি অংশকে সমর্থনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে দুই বছর, ছয়জনকে আজীবনসহ ১৫ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর সভাপতি, সাধারণ সম্পাদকসহ আট নেতা-কর্মী হাইকোর্টে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন। আদালত আটজনের বহিষ্কারাদেশ স্থগিত করে তাঁদের শিক্ষাজীবন স্বাভাবিক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসে আসতে পারেননি। উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বৈধ শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তাঁদের অবশ্যই ক্যাম্পাসে অবস্থানসহ শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হবে।