গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল রোববার এক কোটি টাকার দরপত্র-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টেক্সটাইল কৌশল বিভাগের যন্ত্রপাতি কেনার জন্য সম্প্রতি এক কোটি পাঁচ লাখ টাকার দরপত্র আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী দরপত্র জমাদানে বাধা দিয়েছেন। একজন ঠিকাদার দরপত্র জমা দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর করেছেন। আরেকজনের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেওয়ায় তিনি জমা দিতে পারেননি। আরেকজন ঠিকাদারকে আটকে রাখেন ছাত্রলীগের কর্মীরা। যদিও পরে তিনি দরপত্র জমা দিতে পারেন। এসব ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অরাজকতা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বৈঠকে ওই দরপত্র বাতিল ঘোষণা করে।বিশ্ববিদ্যালয়ের দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান শওকত ওসমান দরপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ঠিকাদারের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর দরপত্রটি বাতিল করা হয়েছে। তবে কাউকে মারধর কিংবা আটকে রাখার কোনো ঘটনা নিয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি।ক্যাম্পাস সূত্রে অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার এক নেতার ভাইয়ের কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওই নেতা তাঁর কর্মীদের দিয়ে এসব কর্মকাণ্ড ঘটান।বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, একটি প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের যন্ত্রপাতি কেনার জন্য ওই দরপত্র আহ্বান করা হয়। আগামী জুন মাসে ওই প্রকল্পের মেয়াদ শেষ হবে। এ অবস্থায় দরপত্র বাতিল হওয়ায় যন্ত্রপাতি কেনা নিয়ে জটিলতা সৃষ্টি হবে। কারণ অনেক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম জানান, তাঁর জানামতে এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন। তার পরও তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেবেন।