ছাত্রলীগের বাধায় গত শনিবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত তিনটি ইউনিটের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ভবনের কম্পিউটার ল্যাবে ভাঙচুর চালান।
ছাত্রলীগ সমর্থক তিন ছাত্রকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বেলা আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই), ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিসি) ও ফিজিকস ইউনিটের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার দিন ধার্য ছিল। নির্ধারিত সময়ে লাইব্রেরি ভবনসহ তিনটি ভবনে পরীক্ষা শুরু হয়। দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকায় দায়িত্বরত শিক্ষকেরা ছাত্রলীগের সমর্থক তিন ছাত্রকে পরীক্ষায় অংশ নিতে না দিলে ওই ছাত্ররা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমানকে বিষয়টি জানান। মিজানুর অন্য নেতা-কর্মীদের নিয়ে লাইব্রেরি ভবনে উপস্থিত হয়ে ওই তিন ছাত্রকে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ দেন। কিন্তু শিক্ষকেরা তাতে রাজি না হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষা কক্ষে হট্টগোল বাধিয়ে পরীক্ষা বন্ধ করে দেন ও ভবনে ভাঙচুর চালান। এ সময় কয়েকজন ছাত্র ভবনের কম্পিউটর ল্যাবও ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শিক্ষকেরা পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেন।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক রাহিদুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাদের অনৈতিক দাবি সমর্থন না করায় তাঁরা পরীক্ষা কক্ষে ও কম্পিউটার ল্যাবে ভাঙচুর চালিয়েছেন এবং গুলিবর্ষণ করেছেন। এতে শিক্ষকসহ পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক পালিয়ে গেলে বাধ্য হয়ে পরীক্ষা বন্ধ করতে হয়েছে।
ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘আমরা কোনো অনৈতিক দাবি করিনি। তিনজন শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় আমরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছিলাম। নিয়ম অনুযায়ী তাদের অনুপস্থিতি জরিমানাও পরিশোধ করা হয়েছিল। কিন্তু শিক্ষকেরা হেঁয়ালি করে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছিল না। এতে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ায় ঘটনাটি ঘটেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান জানান, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। ওই কেন্দ্র বাদে অন্য কেন্দ্রগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।