ছাত্রলীগের বাধায় দিনাজপুরে উৎসবের স্থান পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গ্রামীণফোন-প্রথম আলোর ইন্টারনেট উৎসবের পূর্ব নির্ধারিত স্থান (ভেন্যু) পরিবর্তন করা হয়েছে। ছাত্রলীগের বাধা ও চাঁদা দাবির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিনাজপুর সরকারি কলেজের পরিবর্তে আজ বৃহস্পতিবার জিলা স্কুলে এ উৎসব হবে। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে।গ্রামীণফোনের অনুষ্ঠান প্রতিনিধি মাহমুদুল হাসান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে ১০১টি ভেন্যুতে ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব’ হচ্ছে। আজ দিনাজপুর সরকারি কলেজ মাঠে এই জেলার মূল উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার বিকেলে কলেজের ফুটবল মাঠে শামিয়ানা টাঙাতে গেলে ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ কয়েকজন নেতা-কর্মী কাজ বন্ধ করে দেন। মাহমুদুল হাসান আরও বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এর কারণ জানতে চাইলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোর দিনাজপুর বন্ধুসভার সভাপতি শাহাদৎ হোসেন খান, সাবেক সভাপতি এখলাছুর রহমানসহ বন্ধুসভার সদস্যরা অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রাজ্জাক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মনসুর আলী ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ অন্য নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ২৫০ প্যাকেট খাবার দাবি করেন। গ্রামীণফোনের প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা এই দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানালে আলোচনা ভেঙে যায়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঘটনাটি কলেজের জন্য লজ্জাজনক। এত বড় একটা জাতীয় অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়েও আমরা তা হারালাম।’ চাঁদা দাবির অভিযোগ নাকচ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, তাঁরা কেবল গ্রামীণফোনের প্রতিনিধিদের কাছে জানতে চেয়েছিলেন, এই অনুষ্ঠানের বাজেট কত? এ ছাড়া কর্মীদের জন্য কিছু খাবারের প্যাকেট চাওয়া হয়েছিল।