কক্সবাজার শহরে ছাত্রলীগের নেতার রগ কর্তনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শহরে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের ছাত্র রাজিউল ইসলাম মোস্তাককে (২১) বেদম মারধর করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ডান পায়ের রগ ও ঠোঁট কেটে দেওয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গতকাল বেলা ১১টার দিকে হাসপাতাল সড়কের জাহাঙ্গীর মেসের সামনে থেকে পুলিশ কামাল হোসেন ও আবুল মনজুর নামে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে। বেলা দুইটার দিকে শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে ছাত্রশিবিরের ক্যাডার সাইফুল ইসলামকে আটক করা হয়। এর আগে সাইফুল গণপিটুনির শিকার হন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ বলেন, আটক সাইফুলের নেতৃত্বে শিবিরের ক্যাডাররা মোস্তাকের ওপর হামলা চালিয়েছে।
এদিকে ছাত্রলীগের নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতারা জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের আওয়ামী লীগের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান।
এ ছাড়া গতকাল সকালে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ছাত্রলীগ নামধারী কতিপয় ব্যক্তি রাতের অন্ধকারে তালাবদ্ধ জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। ওই হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানান তিনি।