ছাত্রলীগের বিক্ষোভ
কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা করা হয়। এ সময় বক্তব্য দেন পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ইমরান হোসাইন, যুগ্ম আহ্বায়ক সাইমুন হক চৌধুরী, মোবাশ্বের হোসাইন, সাজ্জাদ হোসেন ও সদস্য মো. ফয়সাল বিন ফরহাদ।
জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নে গত ১৯ এপ্রিল ইমরান হোসাইনকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেন পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ইমরান হোসাইন বলেন, ‘আমার নেতৃত্বাধীন কমিটি বহাল থাকা অবস্থায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফারুক আজাদকে আহ্বায়ক ঘোষণা করে ১১ অক্টোবর (আজ) কর্মিসভা ও কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়।’ তবে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ বলেন, ‘টাকার বিনিময়ে কমিটির দেওয়ার অভিযোগ সত্য নয়। ’