কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে গতকাল সোমবার বেলা দুইটা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা হতে দেয়নি ছাত্রলীগ। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে প্রধান ফটকে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন।
উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের বৈঠক হয়। বৈঠকে নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহার ও হয়রানি না করার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক বলেন, গত শনিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের তিনটি গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের লাগোয়া সালমানপুর এলাকার কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপরও হামলা চালান। পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ওই দিন রাত সাড়ে ১০টায় থানায় মামলা হয়।
মামলার আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহরিয়া মাহমুদ, সদস্য ইলিয়াস হোসেন, মহিউদ্দিন, মনিরুজ্জামান, এমরান আলী, মোজাম্মেল হক ও অজ্ঞাতনামা দুই শ নেতা-কর্মী ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধান ফটকে অবস্থান নেন। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। বেলা দেড়টায় প্রক্টরিয়াল বডির সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বৈঠক হয়। নৃবিজ্ঞান বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে বৈঠকে প্রক্টরিয়াল বডির সদস্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়কসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ওই সময়ে প্রক্টর ছাত্রলীগের নেতা-কর্মীদের হয়রানি করা হবে না বলে আশ্বাস দেন। বেলা দুইটা থেকে পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হয়।
প্রক্টর বলেন, ‘আন্দোলনের কারণে বেলা দুইটা পর্যন্ত সব বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের সঙ্গে আমরা কথা বলব। আসামিদের হয়রানি করা হবে না।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক বলেন, পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মামলার পাঁচ নম্বর আসামি মনিরুজ্জামান দেড় বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন। পুলিশ ছাত্রলীগকে হয়রানি করতেই এ মামলা করেছে।