ছাত্রলীগের বিরুদ্ধে আইনজীবীর বাড়ি ভাঙচুরের অভিযোগ
পাবনায় গতকাল মঙ্গলবার দুপুরে একজন আইনজীবীর বাড়িতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগের দাবি, ওই বাড়িতে দলীয় কয়েকজন নেতা-কর্মীকে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে তাঁদের উদ্ধার করেন দলীয় নেতা-কর্মীরা। ভাঙচুরের ঘটনা ঘটেনি। পাবনা পৌরসভার সিঙ্গা এলাকার বাসিন্দা ওই আইনজীবীর নাম কাজী আলম। তিনি জেলার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)।কাজী আলম জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির পরিচালক মোল্লা মোহাম্মদ কফিল উদ্দিন এক বছর আগে তাঁর বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নেন। কিন্তু তিনি ঠিকমতো ভাড়া পরিশোধ করতেন না। সমপ্রতি ভাড়া চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তাঁকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়। কিন্তু ভাড়া চুক্তি নবায়নের জন্য তিনি চাপ দিতে থাকেন।কাজী আলম অভিযোগ করেন, গতকাল দুপুর ১২টার দিকে ভাড়াটিয়া কফিল উদ্দিনের পক্ষে সুপারিশ করতে সিঙ্গা এলাকায় তাঁর বাড়িতে যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মী। এ সময় তাঁর ভাই কাজী সজলের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন যুবক ওই বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়িতে থাকা একটি প্রাইভেট কার ও আসবাব ভাঙচুর করেন।তবে রফিকুল ইসলাম দাবি করেন, নেতা-কর্মীদের নিয়ে তিনি গতকাল ওই এলাকায় গেলে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁদের তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে নেতা-কর্মীরা ওই বাড়িতে গিয়ে তাঁদের উদ্ধার করেন। তবে এ সময় ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।অভিযোগের বিষয়ে জানার জন্য রাতে যোগাযোগের চেষ্টা করে হলে মোল্লা মোহাম্মদ কফিল উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার পর দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাড়িটি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।