ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত দুটি পেছনে বাঁধা। চোখ বাঁধা মাফলার দিয়ে। রড দিয়ে কোমরের নিচে একের পর এক আঘাত করা হচ্ছে। উপুড় হয়ে মেঝেতে পড়ে আছেন তিনি। পা বেয়ে রক্ত পড়ছে মেঝেতে। আর রডের আঘাতে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে আর্তচিত্কার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের অতিথিকক্ষে মঙ্গলবার মধ্যরাতের চিত্র। ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র মো. জাহিদুল ইসলামকে মারধর করছিলেন ছাত্রলীগের কর্মীরা। তিনি হলের ৬৪৬ নম্বর কক্ষের বাসিন্দা।
৫৭২ নম্বর কক্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মুস্তাফিজুর রহমানকেও রড দিয়ে পেটানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তাঁদের উদ্ধার করেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগ রয়েছে, ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক ওরফে সুজনের নির্দেশে তাঁদের মারধর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুল প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁকে ছাত্রলীগের পদবি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিতে অস্বীকার করায় মারধর করা হয়েছে। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।
মুস্তাফিজুর রহমান বলেন, রাতে হঠাত্ করেই কয়েকজন তাঁর কক্ষে গিয়ে তাঁকে জোরপূর্বক নিয়ে আসে। তাঁর ডান পায়ের হাড়ে একাধিক জায়গা ভেঙে গেছে এবং হাতের তিনটি আঙুল থেঁতলে গেছে।
আবাসিক শিক্ষক বাহাউদ্দিন বলেন, ‘ওই ছাত্রকে মারধর করা হচ্ছে, সেটা জেনেই আমি ছুটে আসি। আমি আসার পর আর মারধর করতে পারেনি।’
আরেফিন সিদ্দিক দাবি করেন ঘটনার সময় তিনি হলে ছিলেন না।