ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের টাকা ছিনতাইয়ের মামলা
রাজশাহীর বাঘা উপজেলায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে বৃহস্পতিবার এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। ছাত্রলীগ ও পুলিশ সূত্র জানায়, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ ২৫ লাখ ২০ হাজার টাকায় এবার বাঘার ঈদমেলার ইজারা নিয়েছেন। নিয়ম অনুযায়ী, ডাকের টাকা সঙ্গে সঙ্গে জমা দিতে হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মামুনুর রশিদের অংশীদার ছাত্রলীগের কর্মী মঞ্জুরুল হক পাঁচ লাখ টাকা নিয়ে বাঘা মাজার এলাকায় যাচ্ছিলেন। বাঘা কলেজের শহীদ মিনার এলাকায় পৌঁছালে ছাত্রলীগের কর্মী জিল্লুর রহমান ও সুমন মিয়াসহ ছাত্রলীগের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁরা মঞ্জুরুলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁরা টাকা নিয়ে মঞ্জুরুলকে মাজারে যেতে দেবেন না বলে হুমকি দেন। পরে জিল্লুর অস্ত্র ও সুমন ছোরা বের করে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা মঞ্জুরুলের টাকার ব্যাগ কেড়ে নেন। এ সময় মঞ্জুরুলের চিৎকারে অন্য লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের কর্মী মঞ্জুরুল হক ছাত্রলীগের আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে রাত সাড়ে আটটার দিকে বাঘা পৌর এলাকায় জিল্লুরের বাড়িতে অভিযান চালিয়ে জিল্লুর ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেন, মেলার ডাকের সময় জিল্লুর রহমান অপর একটি পক্ষকে সমর্থন দিয়েছিলেন। তারা ২৫ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত ডেকেছিল। তবে মামুনুর রশিদ ২৫ লাখ ২০ হাজার টাকায় মেলা ডেকে নেন। মেলা না পাওয়ার ক্ষোভে জিল্লুর তাঁর দলবল নিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটান। অস্ত্র ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে তাঁদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।