ছাত্রলীগের বিরুদ্ধে দরপত্র সংগ্রহে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রায় সাড়ে ছয় কোটি টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্রের ফরম কিনতে সাধারণ ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে। ঠিকাদারেরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দিয়েছেন। এ কারণে গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁরা ফরম কিনতে পারেননি। পরে মেয়রের হস্তক্ষেপে ফরম বিক্রি শুরু হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার সংবাদিকদের বলেন, সিটি করপোরেশনের এক প্রভাবশালী কাউন্সিলর ও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ছাত্রলীগের কর্মীরা সাধারণ ঠিকাদারদের ফরম সংগ্রহ করতে বাধা দিয়েছেন।

সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর থেকে জানা গেছে, নগরের জামালখান, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, উত্তর পতেঙ্গা, উত্তর পাহাড়তলী ও লালখান বাজার ওয়ার্ডের ২৪টি উন্নয়ন প্রকল্পের দরপত্রের ফরম বিক্রির শেষ দেন ছিল গতকাল। করপোরেশনের নিজস্ব অর্থায়নে এসব উন্নয়নকাজ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে করপোরেশনের চতুর্থ তলায় জড়ো হতে থাকেন ছাত্রলীগের কর্মীরা। তাঁদের কেউ কেউ কর্মকর্তা-কর্মচারীদের টেবিলের ওপর বসে পড়েন। আবার কেউ অফিসের সামনের বারান্দায় পায়চারি করতে থাকেন। সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ ও দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মাহমুদের ছোট ভাই জামিকে একটি টেবিলে বসে থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১২টার দিকে দুজন ঠিকাদার ফরম কিনতে গেলে তাঁদের বাধা দেন সংগঠনটির কর্মীরা। কারণ জানতে চাইলে তাঁরা ঠিকাদারদের মারধর করতে উদ্যত হন। পরে অন্য কর্মকর্তারা তাঁদের রক্ষা করেন। এরপর আরেকজন ঠিকাদার ফরম কিনতে গেলে তাঁকে ‘সম্মানের’ সঙ্গে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন ওই কর্মীরা। ক্রমাগত বাধার কারণে ঠিকাদারেরা আর ওই কার্যালয়মুখী হননি।

ফরম বিক্রির কাজে নিয়োজিত থাকা করপোরেশনের প্রকৌশল দপ্তরের উচ্চমান সহকারী রাজীব চক্রবর্তীকে বেলা দেড়টা পর্যন্ত দপ্তরে দেখা যায়নি। তিনি প্রধান প্রকৌশলীর সঙ্গে একটি কাজে ব্যস্ত ছিলেন বলে জানান।

আরেক উচ্চমান সহকারী শের আলী বেলা দুইটার দিকে জানান, ২৪টি উন্নয়ন কাজের দরপত্রের একটি ফরমও বিক্রি হয়নি। কারণ জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এদিকে বেলা একটার দিকে সাংবাদিকেরা ক্যামেরা নিয়ে ঢুকলে বাধাদানকারী ব্যক্তিরা দ্রুত চারতলার কার্যালয় ছেড়ে চলে যেতে থাকেন। তাঁদের কেউ কেউ মুখ লুকিয়ে কার্যালয় থেকে বের হন। ঘটনাটি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনে মেয়র মন্জুর আলম ফরম বিক্রিতে নিয়োজিত দুই কর্মকর্তা রাজীব চক্রবর্তী ও শের আলীকে ডেকে পাঠান। পরে মেয়রের হস্তক্ষেপে ফরম বিক্রি শুরু হয়।

যোগাযোগ করা হলে জামি বলেন, ‘আমি রাজনীতি করি না। আমি তালিকভুক্ত ঠিকাদার। ফরম নিতে ওই অফিসে গিয়েছিলাম।’ ওই কার্যালয়ে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। সবকিছু স্বাভাবিকভাবেই হয়েছে।

মন্জুর আলম বলেন, উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র ফরম বিক্রি করা হচ্ছে। এখানে প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না। করপোরেশনের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।