ছাত্রলীগের বিরুদ্ধে দরপত্রের বাক্স ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় গত সোমবার ছাত্রলীগের কর্মীরা ভূমি কার্যালয় থেকে উপজেলার ৩০টি হাট-বাজার ইজারার দরপত্রের বাক্স ছিনতাই করেছে। পরে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছিনতাইকৃত দরপত্রের বাক্সটি পুলিশের সহায়তায় একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করেন।উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সিংড়া উপজেলার ৩০টি হাট-বাজার ইজারার দরপত্র দাখিলের দিন ধার্য ছিল। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র দাখিলের সময় নির্ধারিত ছিল। সকাল সাড়ে ১০টার দিকে যুবলীগের কর্মী আশরাফুল ইসলাম দরপত্র দাখিল করতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাকে বাধা দেয়। বাধা উপেক্ষা করে আশরাফুল দরপত্রের বাক্সে তার দরপত্র ফেললে ছাত্রলীগের কর্মীরা তার ওপর চড়াও হয়। এ সময় তারা দরপত্রের বাক্স ছিনতাই করে নিয়ে যায়। পরে ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ছিনতাই হওয়া দরপত্রের বাক্সটি পুলিশের সহায়তায় তাজপুর ইউনিয়ন পরিষদের পুরোনো পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপপরিদর্শক মন্তেজার রহমান দাবি করেন, ভূমি কার্যালয়ের দরপত্রের বাক্স ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম দরপত্রের বাক্স ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে জানান, সকালে দরপত্রের বাক্স কার্যালয়ের বারান্দায় রাখার জন্য প্রস্তুতি নেওয়ার সময় কয়েকজন যুবক বাক্সটি কার্যালয়ের পাশে নিয়ে যায়। পরে তা উদ্ধার করে আনার পর পুলিশের উপস্থিতিতে দরপত্র জমা নেওয়া হয়। সিংড়া থানা ছাত্রলীগের সভাপতি রায়হান কবিরের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দরপত্রের বাক্স ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে নির্ধারিত সময়ের আগেই আশরাফুল দরপত্র জমা দেওয়ায় কয়েকজন ঠিকাদার বাক্সের মধ্যে থেকে ওই দরপত্রটি বের করে নেওয়ার জন্য ভূমি কর্মকর্তার কাছে দাবি জানান। বাক্স থেকে ওই দরপত্রটি বের করে আশরাফুলের হাতে দেওয়া হয়েছে মাত্র। পুলিশের উপস্থিতিতে তিনি নির্ধারিত সময়ে পুনরায় দরপত্র জমা দেন। আশরাফুলের ওপর চড়াও হওয়ার কথাও ঠিক নয়।