ছাত্রলীগের বিরুদ্ধে নোয়াখালী কলেজে ভাঙচুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি কলেজে গতকাল বুধবার ভাঙচুর চালানো হয়েছে। পছন্দের শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ না দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল দুুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক মেজবাহ উদ্দিন ওরফে পলাশ তাঁর দলবল নিয়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তির দাবি জানান। এতে অধ্যক্ষ রাজি না হওয়ায় ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষ, উপাধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন শ্রেণীকক্ষের অন্তত ৩৫-৪০টি জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা নয়, অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তি হতে না পেরে ক্যাম্পাসে ভাঙচুর চালায়।’ তিনি দাবি করেন, কলেজের ভর্তি কমিটি তাদের পছন্দ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করাতে চেয়েছে। কিন্তু ছাত্রলীগ মেধা অনুসারে ভর্তির দাবি জানায়।কলেজের অধ্যক্ষ স্বপন চন্দ্র রায় বলেন, বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে শিক্ষার্থী ভর্তি করা সম্ভব নয়। কিন্তু ছাত্রলীগ এতে রাজি না হওয়ায় তারা ক্যাম্পাসে ভাঙচুর চালায়। তারা শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালও করে।কলেজ প্রশাসন জানায়, এ বছর আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে তিনটি শাখায় ভর্তির জন্য এক হাজার ১৫০ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অপেক্ষমাণ তালিকায় রাখা হয় ৫৭৫ জনকে। চূড়ান্ত তালিকা অনুসারে ২১ থেকে ২৩ জুন ৭৫১ জন শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে তিনটি শাখায় ৩৯৯টি শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ রয়েছে।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।