ছাত্রলীগের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিদ্রোহী প্রার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার কলেজ ছাত্রলীগের নেতাদের বাধার মুখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আ ম ম মিনহাজুর রহমান ও তাঁর অনুসারীরা ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন। এ ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বী পরিষদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে।স্বাচিপের নেতা মিনহাজুর রহমান মূলধারার বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ওই পদে নির্বাচন করছেন। মূলধারায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে মুজিবুল হক খান ও মোহাম্মদ শরীফ।অভিযোগে জানা গেছে, গতকাল সকাল সোয়া ১০টায় মেডিকেল কলেজের অধ্যক্ষ কার্যালয়ের নিচতলায় মিনহাজুর রহমান তাঁর অনুসারীদের নিয়ে প্রচারণার জন্য যান। এ সময় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি মফিজুর রহমান ওরফে জুম্মানের নেতৃত্বে ৮-১০ জন যুবক এসে তাঁদের বাধা দেন। মফিজুর রহমান ছাত্রদলের নেতা আবিদুর রহমান হত্যা মামলার আসামি।মিনহাজুর রহমান বলেন, ‘অধ্যক্ষ লবিতে জুম্মান এসে আমাকে বলেন, “নাছির ভাইয়ের নির্দেশ আছে, এখানে আপনি প্রচারণা চালাতে পারবেন না।” পরে তাঁদের বাধার মুখে আমরা ক্যাম্পাস ত্যাগ করি। আমাদের ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।’ এ ব্যাপারে নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।অভিযোগ প্রসঙ্গে মফিজুর রহমান বলেন, ‘মিনহাজুর রহমান আমাদের স্বাচিপের মনোনীত নন। অধ্যক্ষ কার্যালয়ের নিচে আমাদের ছেলেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছে। তারপর উনি দলবল নিয়ে চলে যান।’ ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে জানতে চাইলে মফিজুর রহমান নিরুত্তর থাকেন।এদিকে একইভাবে চমেক ক্যাম্পাস থেকে বিএনপিপন্থী খুরশিদ জামিল-মোতালেব পরিষদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাচিপের মূলধারার পরিষদের ব্যানার-ফেস্টুন ছাড়া অন্য কোনো ব্যানার ক্যাম্পাসে দেখা যায়নি।এ প্রসঙ্গে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি পদপ্রার্থী খুরশিদ জামিল বলেন, ‘স্বাচিপের লোকজন আমাদের সব ব্যানার মেডিকেল থেকে তুলে নিয়ে গেছে। এটা অগণতান্ত্রিক। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছি।’