রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের দুই ছাত্রের একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন, নগদ টাকা ও পরীক্ষা পাসের সনদ লুটের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে চার-পাঁচজনের একটি দল ছাত্রাবাসের একটি কক্ষে হামলা চালিয়ে এসব লুট করে।
এ ঘটনায় ছাত্রলীগের নেতারা জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই কক্ষটির দুই ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেছেন। নিরাপত্তার অভাবে ছাত্রাবাসের বিভিন্ন ব্লক থেকেও ছাত্ররা চলে যাচ্ছেন। গতকাল শুক্রবার পর্যন্ত এক-তৃতীয়াংশ আবাসিক ছাত্র চলে গেছেন বলে জানা গেছে।
জানতে চাইলে রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূর মোহাম্মদ সিয়াম দাবি করেন, যারা লুট করেছে, তারা বহিরাগত। তাদের কেউ চিনতে পারেনি। এ জন্য তাঁরা কিছু করতে পারছেন না।
এর আগে গত ১৭ মার্চ রাতে একইভাবে ছাত্রাবাসের নিউ ব্লকের একটি কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তখন তাঁরা একজন ছাত্রকে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে জখমও করেন। পরের দিন বেশ কিছু শিক্ষার্থী ছাত্রাবাস ছেড়ে চলে যান। ছাত্র না থাকায় বন্ধ হয়ে যায় নিউ ব্লকের ডাইনিং।
কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, বুধবার রাতে চার-পাঁচজন যুবক মুসলিম ছাত্রাবাসের ‘ডি’ ব্লকের ১২ নম্বর কক্ষে ঢুকে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র সোহেলের ল্যাপটপ, মুঠোফোন, নগদ টাকা ও বিভিন্ন পরীক্ষার সনদ লুট করে নিয়ে যায়। তারা একইভাবে কক্ষটির আরেক বাসিন্দা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র সোলাইমানের মুঠোফোন, পরীক্ষার সনদ ও নগদ টাকা জোর করে নিয়ে যায়। ঘটনার পর সাধারণ ছাত্ররা একত্র হয়ে ভুক্তভোগী দুই ছাত্রকে নিয়ে কলেজের অধ্যক্ষের বাসায় যাওয়ার প্রস্তুতি নেন। ততক্ষণে ছাত্রলীগ কলেজ শাখার নেতা-কর্মীরা সেখানে এসে হাজির হন। তাঁরা বিষয়টি দেখবেন বলে সাধারণ ছাত্রদের নিজ নিজ কক্ষে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর ছাত্ররা সেখান থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশ সদস্যদের সামনেই ঘটনাটি ছাত্রদলের এক নেতাকে জানানোর অপরাধে ছাত্রলীগের ছেলেরা সোলাইমানকে মারধর করেন। পরে রাতেই ওই দুই ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে যান। পরের দিন বৃহস্পতিবার ও গতকাল ঘটনার কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে ও ভয়ে ছাত্রাবাস ছেড়ে সাধারণ ছাত্ররা চলে যাচ্ছেন।
কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ছাত্রাবাসের বৈধ ও অবৈধ ছাত্র কারা, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। রোববারের পর তাঁরা অ্যাকশনে যাবেন।